(প্রতিবেদক: ঈশ্বরগঞ্জ প্রতিনিধি)
ঈশ্বরগঞ্জ, ২১ ফেব্রুয়ারি ২০২৫: ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা এলডিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ডক্টর আওরঙ্গজেব বেলাল।
এ সময় ডক্টর আওরঙ্গজেব বেলাল বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ও এলডিপি’র প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে বিগত ১৫ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমাদের নেতাকর্মীরা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন। বিশেষ করে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এবারই প্রথম আমরা ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শান্তিপূর্ণভাবে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পেরেছি। এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি।”
তিনি আরও বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের ফলেই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। ভাষার মর্যাদা রক্ষা করা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা এলডিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

0 মন্তব্যসমূহ