এলডিপি মিডিয়া সেল:
ঢাকা, রবিবার, ৪ই মে ২০২৫:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, “এই সরকার সকল রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া কোনো মানবিক করিডোর দেওয়ার এখতিয়ার রাখে না।”
শনিবার (৩ মে) দুপুরে কুমিল্লার চান্দিনার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে এলডিপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. রেদোয়ান আহমেদ বলেন, “কয়েক দিন আগে পররাষ্ট্র সচিব জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাখাইনদের সহযোগিতার জন্য জাতিসংঘ ও আমেরিকা একটি মানবিক করিডোর চেয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। শুধুমাত্র একটি দল বা সরকার নয়, এ বিষয়ে দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্য জরুরি।”
তিনি আরও বলেন, “এই মানবিক করিডোর সম্পর্কে যাদের বিদ্বেষ নয়, বরং জ্ঞান, শিক্ষা এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ধারণা আছে, তারা ভালো করেই বোঝেন এর ভবিষ্যৎ প্রভাব কতটা গভীর হতে পারে। তাই এটি কোনো একক দল বা সরকারের একতরফা সিদ্ধান্ত হতে পারে না।”
অনুষ্ঠানে এলডিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এলডিপি মিডিয়া সেল

0 মন্তব্যসমূহ